ব্রেকিং নিউজ: নূর গ্রেপ্তার


রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. নূর ইসলাম পারভেজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নূর ইসলাম আওয়ামী লীগের হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য এবং হাজারীবাগের কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ১২ বছরের শিশু আব্দুল মোতালেব মুন্না হত্যা মামলার প্রধান আসামি। হাজারীবাগ থানা পুলিশের বরাতে মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (৩ নভেম্বর) রাতে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রজনতা ঝাউচর এলাকায় নূর ইসলামকে চিনতে পারে এবং জিজ্ঞাসাবাদের সময় সে বলে, ‘আন্দোলনে গুলি করেছি, তাতে কী হয়েছে।’


এ সময় উত্তেজিত জনতা পুলিশকে খবর দিলে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে ভোর ৫টার দিকে থানায় নিয়ে আসে। নূর ইসলামকে মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জিগাতলার ওয়ালটন শোরুমের সামনে কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের ওপর আওয়ামী লীগের কর্মীদের গুলিতে ১২ বছরের শিশু মুন্না নিহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে ৩০ আগস্ট মুন্নার প্রতিবেশী শেখ মুহাম্মদ মাসুম বিল্লাহ হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর ইসলাম স্বীকার করেছে যে সে ৪ আগস্ট হেলমেট পরে ছাত্রদের ওপর হামলা চালায় এবং মোহাম্মদপুর থানার অস্ত্র লুটের ঘটনায়ও জড়িত ছিল। এছাড়া, সে হাজারীবাগ এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে, যা মাদক, মারামারি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।