নিজ শহরেই ‘তাওহিদি জনতা’র বাধায় মেহজাবীন শোরুম উদ্বোধন করতে ব্যর্থ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যিনি অসংখ্য হিট নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন, এবার নিজ শহর চট্টগ্রামে এসে বাধার মুখে পড়লেন। রিয়াজউদ্দিন বাজারে একটি শোরুম উদ্বোধনের জন্য আসলেও, পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি তার।
গত ২৮ অক্টোবর মেহজাবীন তার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে জানান যে তিনি শীঘ্রই চট্টগ্রামে এসে ওই শোরুমটি উদ্বোধন করবেন। তবে নির্ধারিত দিনে ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন শোরুমটির ম্যানেজার ইমদাদুল ইসলাম।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে তার উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল। সেখানে ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতা’ ব্যানারে মেহজাবীনকে দোকান উদ্বোধন না করতে সতর্ক করা হয়।
রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব এই বিষয়ে অবহিত নন বলে জানান। অন্যদিকে, বর্তমান সভাপতি সালামত আলীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
মেহজাবীনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো উত্তর দেননি। তবে তার ফেসবুকে পতেঙ্গা সমুদ্রসৈকতে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "অনলি চিটাগাংস ক্যান রিলেটেড," যা প্রমাণ করে যে তিনি বর্তমানে চট্টগ্রামেই আছেন।

0 Comments