শহিদ পরিবারের অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করা হবে
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে এক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, "যারা শহিদ হয়েছেন, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। শহিদ পরিবারকে সহায়তা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নভেম্বরের মধ্যে শহিদদের তালিকা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছি।"
তিনি আরও বলেন, "যেভাবে আমাদের শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, তা এখনও সম্ভব হয়নি। তবে আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি নেই। আমরা সবার কাছে যাব এবং তাদের কথা শুনবো। আমরা আমাদের জীবন দিয়ে এই ফাউন্ডেশনকে টিকিয়ে রাখার চেষ্টা করবো।"
সারজিস আলম এ সময় ৭১ সালের মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে প্রশ্নের কথা উল্লেখ করে বলেন, "আমরা চাই না যে, এ বেলায়ও শহিদদের তালিকা প্রশ্নবিদ্ধ হোক। যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে শহিদদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।"

0 Comments