বাংলাদেশ পুলিশের ভারতে চিকিৎসার জন্য রেকর্ড সংখ্যক ছুটির আবেদন
হঠাৎ বাংলাদেশ পুলিশের অনেক সদস্যের ভারতে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত তিন দিনে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে ৫৫ জন পুলিশ সদস্যকে ভারতে চিকিৎসার জন্য ছুটি ও অনুমতি দেওয়া হয়েছে। আরও প্রায় ১০০ জনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এত সংখ্যক পুলিশ সদস্যের একসঙ্গে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।
ভারতে যাওয়ার অনুমতি পাওয়া সদস্যদের মধ্যে আছেন পরিদর্শক, সার্জেন্ট, এসআই, এএসআই এবং কনস্টেবল পদমর্যাদার সদস্যরা। তাঁরা সবাই ব্যক্তিগত বা পরিবারের সদস্যদের চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন। এজন্য তাঁদের ১০ দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে বাংলাদেশের এত সংখ্যক পুলিশ সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি। এ পরিস্থিতিকে অনেকেই বিশেষ নজরে দেখছেন।
জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন, "যাঁরা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন, তাঁদের ছুটি অনুমোদন যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তবে বিষয়টি আরও একবার যাচাই করা হবে। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আমরা তা খতিয়ে দেখব।"

0 Comments