**ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান আবু ত্বহা আদনানের**


Watch Now....


বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে এবং অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


জনপ্রিয় ইসলামী আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান এই সিদ্ধান্তকে প্রতিহিংসা হিসেবে না দেখে আল্লাহর কাছ থেকে তওবা ও পরিশুদ্ধির একটি সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, "বিষয়টি অপমান বা প্রতিহিংসার দৃষ্টিকোণ থেকে না দেখে, তা তওবা, ইসলাহ ও পরিশুদ্ধির বিরাট সুযোগ হিসেবে দেখুন। যে কোনো মাধ্যমে আল্লাহ যদি কাউকে অন্যায় ও জুলুমের সহযোগী হওয়া থেকে বাঁচিয়ে দেন, নিঃসন্দেহে এটি আল্লাহর দয়ারই অংশ। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।"


তিনি আরও বলেন, এই সুযোগকে মূল্যায়ন এবং সময়কে কাজে লাগানো উচিত।


প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওপর আক্রমণ চালিয়ে বহু নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অনেকের জীবন বিপন্ন করেছে। যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।