শহিদ পরিবারের অন্তত একজনকে চাকরির সুযোগ দেবে শহিদ স্মৃতি ফাউন্ডেশন: সারজিস আলম


জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া ব্যক্তিরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার পাশাপাশি সহায়তা প্রদানের সব ধরনের পরিকল্পনা রয়েছে। শহিদ পরিবারকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশন, এবং নভেম্বরের মধ্যে শহিদদের তালিকা চূড়ান্ত করার চেষ্টা করবে।


শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে 'শহিদ পরিবারের পাশে বাংলাদেশ' শিরোনামে একটি সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


সারজিস আলম আরও জানান, শহিদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, তা এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে, এবং আমরা এই উদ্যোগকে বজায় রাখার জন্য প্রস্তুত। আমরা পরিবারগুলোর কাছে যাব এবং তাদের কথা শুনব।


সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত ২০০ পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে এই আয়োজন করা হয়। প্রথম ধাপের এই কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়, তথ্য হালনাগাদ শেষে সাড়ে ১২টায় মূল অনুষ্ঠান শুরু হয়। শহিদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে অংশগ্রহণকারী পরিবারগুলো আবেগাপ্লুত হয়ে পড়েন।