অনশনে বসা দুই তরুণীর একজনকে বিয়ে করলেন যুবক


ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের শাহীন নামের এক যুবকের বাড়িতে দুই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। শেষমেশ শাহীন অনশনে থাকা রুনা নামের একজনকে দুই লাখ টাকা কাবিনে বিয়ে করেছেন।


রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে এই বিয়ে সম্পন্ন হয়।


শাহীন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে এবং রুনা হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে।


এলাকাবাসীর তথ্য অনুযায়ী, রুনা প্রথমে শাহীনের বাড়িতে এসে বিয়ের দাবি জানিয়ে অবস্থান নেন। খবর পেয়ে সদর উপজেলার বাসিন্দা অন্য একটি তরুণীও এসে একই দাবিতে অবস্থান নিলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, রুনার সঙ্গে শাহীনের প্রায় দুই বছরের প্রেম ছিল এবং দুই পরিবারের সম্মতিতেই বিয়ের প্রস্তুতি চলছিল। তবে, রুনার পরিবারের পক্ষ থেকে বিয়েতে আপত্তি ওঠে। এদিকে, গত দুই মাসে শাহীনের সঙ্গে আরেক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। সেই তরুণীও বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে উপস্থিত হলে পরিস্থিতি জটিল হয়।


শাহীনের চাচা শামছুল ইসলাম বলেন, "প্রথমে এক তরুণী আসে বিয়ের দাবিতে, পরে আরেকজন আসলে সমস্যার সৃষ্টি হয়। তবে, প্রথমে আসা রুনার সঙ্গেই শাহীনের বিয়ে দেওয়া হয়েছে।"


শাহীন জানান, "প্রথম থেকেই রুনাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে অন্য মেয়েটি চলে যাওয়ার পর আর কোনো বাধা থাকেনি। সামাজিক বাধা কাটিয়ে রাত ১১টায় রুনাকে বিয়ে করি।"


রুনা বলেন, "আমি শুরু থেকেই শাহীনকে ভালোবাসতাম, তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। এখন তাকে বিয়ে করে আমি খুশি এবং আমার ভালোবাসা সার্থক হয়েছে।"


এ বিষয়ে স্থানীয় হলিধানী ইউনিয়ন পরিষদের সদস্য সন্তোষ কুমার জানান, "রাতে শাহীন একজনকে বিয়ে করেছেন। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন তুলেছে।"