মহাসমাবেশ থেকে পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের 


সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন দফতরের কর্মচারীরা অংশ নেন এবং ন্যায্য বেতন কাঠামোর দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান জানান।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান। তিনি বলেন, প্রতি পাঁচ বছর পর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করার কথা থাকলেও ২০১৫ সালের পর আর কোনো বৃদ্ধি হয়নি। বিপরীতে গত ১০ বছরে নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে সংকটে পড়েছে। তিনি আরও জানান, বিভিন্ন সংগঠন বহুদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আবু নাসির খান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নবম পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার বক্তব্য—যে আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে—সরকারি কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। তার মতে, কর্মচারীদের দাবি দীর্ঘদিন উপেক্ষিত হওয়ায় জনসেবায় বিরূপ প্রভাব পড়ছে।

সবশেষে আবু নাসির খান স্পষ্টভাবে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারকেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে—এটাই তাদের এক দফা দাবি।